চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ১০০ মিটার ক্যাবল চুরি, ইন্টারনেট সেবা ব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ১০০ মিটার ক্যাবল চুরি, ইন্টারনেট সেবা ব্যাহত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ নির্মাণকাজের জন্য মাটি খননের সুযোগে বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) অপটিক্যাল ফাইবার ও কপার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গত সোমবার (১৬ নভেম্বর) রাতে পৌরসভার ড্রেনেজ কাজের এলাকায় বিটিসিএলের প্রায় ৫০ মিটার অপটিক্যাল ফাইবার ও ৫০ মিটার কপার ক্যাবল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর মাত্র ১৫ দিন আগেও শহরের পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে প্রায় ৩০ মিটার ক্যাবল চুরির ঘটনা ঘটে। পরপর এসব চুরির ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। ক্যাবল চুরির কারণে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটছে। ফলে বিটিসিএলের ইন্টারনেট সেবা গ্রহণকারী গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, চুরির ঘটনা তদন্তে সদর মডেল থানার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ সরেজমিনে পুলিশ পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছে। বারবার ক্যাবল চুরির ঘটনায় সরকারি যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published.