
স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম:-
দিনব্যাপী সফরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের দ্বিতীয় লালমনিরহাট সফর। সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি।
এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Leave a Reply