
নজমুল হক গাজীপুর
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, বোমাবাজি, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (২৩ নভেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কৃষি অনুষদ ভবনের নিচে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জান-মালের সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে একটি দেশ ও তার শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। একটি পতিত স্বার্থান্বেষী মহল নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে সাধারণ শ্রমজীবী মানুষকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে-এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। শ্রমজীবী মানুষের ঘাম, শ্রম, অধিকার ও মর্যাদাকে সম্মান করতে হবে, তাঁদের কোনো স্বার্থান্বেষী মহলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। বাংলাদেশ আজ বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে কৃষি, অর্থনীতি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। গবেষণা, উৎপাদন, শিল্পায়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে দেশ যখন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে, তখন সহিংসতা, অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণের পরিপন্থী। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে বসবাস করবে, শিক্ষার্থীরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জ্ঞানচর্চা করবে এবং বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে। বক্তব্যে উপাচার্য অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ আবু আশরাফ খান, কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মোঃ মসিউল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ আব্দুল বাছেত মিয়া, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন, পরিচালক (আইসিসিই) অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, আইএফএসপি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক, ড. মোঃ আশরাফুল হক, পরিচালক (যানবাহন) প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, কীটতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ আহসানুল হক স্বপন, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোঃ মঞ্জুরুল হক, উপ-রেজিস্ট্রার (আইন ও এস্টেট) আবু হানিফ পালোয়ান, টেকনিক্যাল অফিসার মমরাজ আলম, সিনিয়র সহকারী মাহবুব শিকদার ও মোঃ জামিল হোসেন খান (পিএ, ভাইস-চ্যান্সেলর কার্যালয়) সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্র হতে পারে না। বিশ্ববিদ্যালয় হবে মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন, মানবিকতা ও সুস্থ মূল্যবোধ বিকাশের নিরাপদ ও আদর্শ পরিবেশ। এমনকি দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে-এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের আইনের আওতায় এনে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Leave a Reply