
ফরহাদ হোসেন (খুলনা) প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরে সহ-ব্যবস্থাপনা বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত এবং অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরেফিন সুমনের সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
বিশেষ অতিথি ছিলেন কোডেকের পরিচালক (প্রকল্প) ডক্টর শীতল কুমার নাথ এবং বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মঞ্জুর এলাহী আলমাজী।কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন তুলে ধরার পাশাপাশি বাস্তুতন্ত্রের ধারণা, এর সেবাসমূহ এবং বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় বিষয়ে আলোচনা করেন ডক্টর শীতল কুমার নাথ ও মো. মঞ্জুর এলাহী আলমাজী।
এ সময় জলবায়ু পরিবর্তনের প্রাথমিক ধারণা, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, জলবায়ু পরিবর্তনের কারণ এবং এ বিষয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর। এর মধ্যে রয়েছে বার্ষিক তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, ভূমির উর্বরতা হ্রাস, ভূমিক্ষয়, মৌসুমি বৃষ্টিপাতের তারতম্য, আকস্মিক বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি।
এ ছাড়া পৃথক অধিবেশনে গ্রিনহাউস গ্যাসের ধারণা, বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ গ্যাসসমূহ এবং পরিবেশ ও জলবায়ুর ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ উদ্দীন, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মাহবুব হোসেন, সহযোগী স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম শাহিদ, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার এবং কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেনসহ কয়রা ও শ্যামনগরের সহ ব্যাবস্থাপনা কমিটির সদস্য, যুব প্রতিনিধিন,সিপিজি সদস্য, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে করণীয় নির্ধারণে পরিকল্পনা প্রণয়ন, অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ এবং সমাপনী কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Leave a Reply