ডুয়েটে বাস্তবায়নাধীন হিট প্রকল্প পরিদর্শনে ইউজিসি টিম : উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ডুয়েটে বাস্তবায়নাধীন হিট প্রকল্প পরিদর্শনে ইউজিসি টিম : উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নজমুল হক গাজীপুর


ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বাস্তবায়নাধীন তিনটি হিট প্রকল্পের প্রগ্রেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬শে নভেম্বর) ইউজিসি টিমের সাথে অনুষ্ঠিত মিটিংয়ে টিমের সদস্যগণ ডুয়েটে হিট প্রকল্পের আওতাধীন বিভিন্ন ল্যাবরেটরি ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। টিমের সামনে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প তিনটির সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আব্দুস সাহিদ, অধ্যাপক ড. এ.এন.এম. মোমিনুল ইসলাম মুকুট এবং অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ। পরিদর্শন শেষে ইউজিসি টিম উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। উপাচার্য ইউজিসি টিমকে স্বাগতম জানান এবং সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপাচার্য বলেন, “হিট প্রকল্পের মাধ্যমে আমরা গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নের একটি বড় সুযোগ পেয়েছি। তবে বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া- বিশেষ করে দরপত্র আহ্বান থেকে দাখিল ও মূল্যায়ন পর্যন্ত অনেক সময় লাগে। এ ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”গবেষণার মানোন্নয়ন ও উদ্ভাবনী গবেষণাকে বাস্তব প্রয়োগে নিয়ে আসার লক্ষ্যে ডুয়েটে একটি টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, “এ বিষয়ে ইতোমধ্যে ইউজিসিতে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠিত হলে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী ধারণা ও প্রস্তাবনা বিকাশে সহায়তা করবে এবং গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগ ও শিল্পক্ষেত্রে ব্যবহারের সুযোগ তৈরি করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণাগার শেয়ারিংয়ের সংস্কৃতি গড়ে তুলতে আমরা আগ্রহী, যাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে।”উপাচার্য আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা হবে শিল্প, শিক্ষা ও সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। আমরা চাই, প্রকল্পের ফলাফল যেন সমাজের কাছে দৃশ্যমান হয় এবং মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে।” বিদেশি প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় আমাদের জন্য সাশ্রয়ী ও টেকসই দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি বলেও তিনি মত দেন।
পরিদর্শনকালে ইউজিসি টিম ডুয়েটে হিট প্রকল্পের আওতায় চলমান গবেষণা কার্যক্রম আশাব্যঞ্জক এবং প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে বলে উল্লেখ করেন। আধুনিক সরঞ্জাম ও দক্ষ গবেষক দল থাকলে শিল্প ও পরিবেশের চাহিদা মাথায় রেখে গবেষণা পরিচালনা করা গেলে এখান থেকে মানসম্পন্ন গবেষণা বেরিয়ে আসবে এবং এর সুফল সরাসরি দেশের কাজে লাগবে বলেও তারা উল্লেখ করেন। প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রকল্পের সুবিধা পুরোপুরি কাজে লাগানো এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার জন্য তারা প্রকল্প পরিচালকদের প্রতি আহবান জানান। টিমের সদস্যগণ প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সেগুলোর সফল বাস্তবায়নে ডুয়েট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতকালে ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. কামাল-আল-হাসান, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, হিট প্রজেক্টগুলোর সাব-প্রজেক্ট ম্যানেজারগণ, ডুয়েটে হিট প্রজেক্টের ইউনিভার্সিটি একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড সেক্রেটারিয়েটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ইউজিসি টিমে ছিলেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. মো. মনিনুর রশিদ এবং হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার জোবেদা ইয়াসমিন।উল্লেখ্য, হিট প্রকল্পটি ২০২৩ থেকে ২০২৮ সাল মেয়াদি পাঁচ বছরের কর্মসূচি, যা ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ডিজিটাল নেটওয়ার্ক ও রিসোর্স, শিখন-শেখানো পরিবেশের উন্নয়ন, উদ্ভাবন ও পেটেন্ট, মান নিশ্চিতকরণ এবং গবেষণার জন্য প্রতিযোগিতামূলক অনুদান এর অন্যতম লক্ষ্য। এ প্রকল্পের আওতায় ডুয়েটে আধুনিক ল্যাবরেটরি স্থাপন, শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ তার প্রকল্পের আওতায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ প্রতিষ্ঠা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.