
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে সদর থানার একটি দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। গ্রেফতারদের মধ্যে একজনের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর গ্রেফতার আসামি মো. জুয়েল (৩০) কে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুত থাকার তথ্য দেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. নাইম (২৩) কে একই দিন রাত ২টা ৫ মিনিটে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামি জুয়েলের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪, ৫ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।

Leave a Reply