
মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চক ভেড়ামারা গ্রামে মোঃ রাকিব ইসলামের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ঘটনার খবর পেয়ে জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা শাখার নবনির্বাচিত আমীর হাফেজ ওহিদুল ইসলাম, ভেড়ামারা পৌর আমীর হাবিবুর রহমান এবং বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।
এ সময় নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।তাঁরা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply