গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের বাসনে এক মর্মান্তিক দুর্ঘটনায় সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে সাকিব (২৫) নামে এক পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে অন্যান্য পোশাক শ্রমিকদের সাথে ভাড়া থাকতেন।


​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ঠিক ওপরেই দুটি কক্ষ নির্মাণ করে পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেয় ভবন মালিক। সকালে হঠাৎ বিকট শব্দে সেপটিক ট্যাংকটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় কক্ষের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবের করুণ মৃত্যু হয়।
​গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.