শ্রীপুরে নদীর চর দখল করে অবৈধ ঘাট নির্মাণের অভিযোগ- ক্ষুব্ধ এলাকাবাসী


‎শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


‎গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারের অদূরে শীতলক্ষ্যা নদীর চর দখল করে অবৈধভাবে ঘাট নির্মাণ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। প্রবাসী শরিফ খানের জোতজমির পাশের সরকারি জায়গা দখল করে এই ঘাট পরিচালনা করছেন মোকাররম ও ইলিয়াস নামে দুই ব্যক্তি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর।
‎​
‎স্থানীয় সূত্রে জানা যায়, কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন বা ইজারা ছাড়াই নদীর চরে ঘাট নির্মাণ করা হয়েছে। এই ঘাট দিয়ে যাতায়াতকারী বালুবাহী ট্রলার, বিভিন্ন পণ্যবাহী নৌকা ও যানবাহন থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ টাকার লেনদেন হলেও সরকারি কোষাগারে কোনো রাজস্ব জমা পড়ছে না, ফলে রাষ্ট্র বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
‎​
‎অভিযোগ রয়েছে, মোকাররম ও ইলিয়াস বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ভূমিদস্যুতা ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছেন। প্রবাসীর জমি দখলের চেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতি দেখানোর কারণে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।”
‎​
‎সচেতন নাগরিকদের মতে, নদীর চর দখল করে এমন অবৈধ স্থাপনা নির্মাণ পরিবেশ ও জনস্বার্থের জন্য চরম হুমকিস্বরূপ। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। তারা অবিলম্বে এই অবৈধ ঘাট উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
‎​
‎এ বিষয়ে অভিযুক্ত মোকাররম ও ইলিয়াসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.