কয়রায় আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা

কয়রায় আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে পরামর্শ সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নে স্থানীয় পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ নভেম্বর) কয়রার মানবকল্যাণ ইউনিটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের সহযোগিতায় উত্তরণ বাস্তবায়িত ‘প্রোটেকশনস অ্যান্ড ট্রিগার-বেজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা)’ প্রকল্পের আওতায় এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় মূল সেশন পরিচালনা করেন রইমসের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মো. ইব্রাহিম আব্দুল্লাহ। উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা ম্যানেজার তানিয়া সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রার সাবেক চেয়ারম্যান ও উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দীন আহম্মেদ, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, উত্তর বেদকাশী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমদাদুল হক, ইউপি সদস্য সরদার আবু হাসান, শেখ সেরাজুল ইসলাম ও অশোক শীল।এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক শওকত হোসেন, সমাজসেবক মো. মুনছুর রহমান সানা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ফরহাদ হোসেন, মোল্ল্যা মনিরুজ্জামান, এবি সিদ্দীক, স্বপ্না মন্ডল, প্রতিষ্ঠা প্রকল্পের সাব্বির হোসেন, জলি আক্তার প্রমুখ।

সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আগাম কার্যক্রমের অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়ার পর কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সতর্কবার্তা প্রচার করলেই হবে না, বরং সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাস্তবতা ও ঝুঁকি বিবেচনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন করা জরুরি।সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এসব মতামতের ভিত্তিতে স্থানীয় দুর্যোগ ঝুঁকি বিবেচনায় একটি বাস্তবসম্মত ও কার্যকর অ্যাকশন ম্যাট্রিক্স প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.