‎শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার

‎শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার


‎আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):


‎গাজীপুরের শ্রীপুর উপজেলায় মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ একটি গজারি বনের পাশে ফেলে রাখা হয়।

‎​বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
‎​নিহত আসিফ রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন।

‎​নিহতের মা আছমা বেগম জানান, বুধবার বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যে তিনি বাড়িতে ফিরে আসতেন। কিন্তু বুধবার গভীর রাত হয়ে গেলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। আসিফের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে ও পরিচিত চালকদের কাছে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎​পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় গজারি বনের পাশে আসিফের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.