
মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং ও চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান নিশ্চিত করতে এক বিশাল কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবজোন অফিস মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। ভেড়ামারা পৌরসভার ২, ৩ ও ৪নং ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভাপতি বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ দিতে আমাদের সমাজকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে হবে। কোনো অপরাধী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।” আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি পুলিশ ও জনগণের যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু দাউদ, রেল বাজার বণিক সমিতির সভাপতি জনাব হাজী মোঃ মহসিন আলী, এবং সাবেক কাউন্সিলর জনাব মোঃ আতাউর রহমান নায়েব। বক্তারা দল-মত নির্বিশেষে অন্যায় ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের আকাঙ্ক্ষার সাথে সংগতি রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জনাব মোঃ আব্দুল হাই আল হাদী।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সকলে মিলে একটি সুন্দর, অপরাধমুক্ত ও শান্তিময় ভেড়ামারা গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply