শ্রীপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, রক্ষা পেলেন না বৃদ্ধা দাদিও- একই পরিবারের ৪ জন আহত !

শ্রীপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি, রক্ষা পেলেন না বৃদ্ধা দাদিও- একই পরিবারের ৪ জন আহত !

আশিকুর রহমান সবুজ,​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


‎​গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর তলপেটে লাথি এবং এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করাসহ একই পরিবারের অন্তত চারজনকে গুরুতর আহত করা হয়েছে।

‎​আজ রোববার (১৭ মে) দুপুর আনুমানিক ২টার দিকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। বর্তমানে আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন অতর্কিতে ইসমাইল নামে এক যুবকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির উঠানে থাকা ইসমাইলের ছোট বোন সুমনাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

‎​অভিযোগে জানা যায়, নাতনিকে বাঁচাতে বৃদ্ধা দাদি জয়তুন্নেছা এগিয়ে গেলে পাষণ্ডরা তাকে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে উঠানে আছাড় মারে। একপর্যায়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

‎​ঠিক এই মুহূর্তে শাশুড়ি ও ননদকে বাঁচাতে ছুটে আসেন ইসমাইলের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়া খাতুন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা সামিয়ার অবস্থা জেনেও তার তলপেটে সজোরে লাথি মারে। এতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং গর্ভস্থ সন্তানের জীবন নিয়ে চরম আশঙ্কা তৈরি হয়। এছাড়া ইসমাইলের চাচি আছিয়া খাতুনকেও পিটিয়ে আহত করা হয়।

‎​ভুক্তভোগীদের দাবি, রক্তক্ষয়ী এই তাণ্ডব চালানোর পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
‎​এ ঘটনায় বহেরারচালা গ্রামের সানু সরকার, দেলোয়ার ও হাসনাহারাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎​এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.