
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ঈদ পরবর্তী সময়ে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আক্তারুল আলম মাস্টার বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য ত্যাগের স্মরণেই মুসলমানরা এই ঈদ উদযাপন করে। ঈদের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তিনি কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের আনন্দ যেন পরিবেশ দূষণ বা জনদুর্ভোগের কারণ না হয়, সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শ্রীপুর গড়তে নাগরিক সচেতনতার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঈদ পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র ঈদুল আজহা—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply