গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নজমুল হক,গাজীপুর


তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করে গড়ে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ আরও জোরদার করার লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলাও মহানগরে প্রায় ৩৫০টি স্কুল, মাদ্রাসা ও কলেজে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, বার-অ্যাট-ল। অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহার মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সুস্থ, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনের অন্যতম কার্যকর হাতিয়ার। তরুণদের সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস ২৪ দিনের মধ্যে আমরা ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছি। আমরা গাজীপুর জেলার মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালন করছি এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, “আমরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। কোথাও কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে তা ধরিয়ে দেবেন এবং সংশোধনের সুযোগ দেবেন।

গাজীপুরের উন্নয়ন ও জনগণের সেবায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”ক্রীড়া সামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।স্থানীয় সচেতন মহল জেলা পরিষদের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.