শ্রীপুরের তেলিহাটি ভূমি অফিসে স্বচ্ছতা ও দ্রুত সেবায় প্রশংসিত, বদলি হলেন ফজলুল হক মোড়ল

শ্রীপুরের তেলিহাটি ভূমি অফিসে স্বচ্ছতা ও দ্রুত সেবায় প্রশংসিত, বদলি হলেন ফজলুল হক মোড়ল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন শেষে বদলি হয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুল হক মোড়ল। সরকারি আদেশে বদলির কারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) ছিল তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব পালনকালে ভূমিসংক্রান্ত কাজে স্বচ্ছতা, আন্তরিকতা ও দ্রুত সেবা দেওয়ায় স্থানীয় সেবাগ্রহীতাদের প্রশংসা পেয়েছেন তিনি।

চলতি বছরের ১২ জুলাই তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফজলুল হক মোড়ল। প্রায় সাড়ে চার মাসের দায়িত্ব পালনকালে ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে সেবাগ্রহীতাদের সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে তিনি তেলিহাটিসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসেও দায়িত্ব পালন করেন। সম্প্রতি তাকে কাপাসিয়া উপজেলায় বদলি করা হয়েছে।

বেকাসাহরা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “তিনি খুব দ্রুত সেবা প্রদান করেছেন। কোনো কাজে গেলে অযথা হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেছে।”

সাইটালিয়া গ্রামের আব্দুল লতিফ বলেন, “ভূমি অফিসে সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। ফজলুল হক মোড়ল দায়িত্বে থাকাকালে সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক আচরণ করেছেন। তাঁর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছি।”

টেংরা গ্রামের কামরুল ইসলাম বলেন, “ভূমিসংক্রান্ত কাজে সময়মতো সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বে থাকাকালে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর কর্মদক্ষতা ও সহযোগিতাপূর্ণ আচরণ আমাদের ভালো লেগেছে।”

স্থানীয় সেবাগ্রহীতাদের প্রত্যাশা, তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে ভবিষ্যতেও সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমিসেবা পান।

Leave a Reply

Your email address will not be published.