
নজমুল হক,গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং বিডিরেন-এর চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “দেশের বিভিন্ন প্রান্তের একশোর বেশি বিশ্ববিদ্যালয় থেকে আগত এক হাজার দুইশোর বেশি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ এ আয়োজনকে একটি বৃহৎ প্রযুক্তি উৎসবে পরিণত করেছে। এই দুই দিনে আমরা প্রযুক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনের এক অনন্য সমন্বয় প্রত্যক্ষ করেছি, যা জ্ঞান ও প্রযুক্তিতে আমাদের প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্যের অনন্য উদাহরণ। আমাদের সিএসই বিভাগ শুধু শ্রেণীকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ব্যবহারিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে ভবিষ্যতের দক্ষ প্রযুক্তিবিদ, উদ্ভাবক ও দায়িত্বশীল গবেষক তৈরীতে নিরলসভাবে কাজ করছে। এ কার্নিভালের প্রতিটি প্রজেক্ট, প্রতিটি আইডিয়া, প্রতিটি উপস্থাপনা আমাদের শিক্ষার্থীদের অসীম সম্ভাবনা এবং নিবেদিত পরিশ্রমের প্রতিফলন।” উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান এবং দক্ষতা শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে এর যথাযথ প্রয়োগ করতে হবে। আমাদের প্রকৃত উদ্দেশ্য হবে প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে সকলের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতি পালন।” উপাচার্য সিএসই বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগী, শিক্ষক, গবেষক, অতিথি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলকে কার্নিভাল সফল করায় আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য বলেন, “আমরা দুই দিনব্যাপী যে অসাধারণ কার্নিভাল আয়োজন করতে পেরেছি তা ডুয়েটের গর্বের বিষয়। এ দুদিনে কার্নিভালে উত্থাপিত সৃজনশীল ধারণাগুলো আমাদের শিক্ষার্থীদের প্রতিভা ও পরিশ্রমের প্রমাণ। সফল এ আয়োজন থেকে এটি প্রতীয়মান যে, কম্পিউটার সায়েন্স শুধুমাত্র কোডিং নয়- এটি সমস্যা সমাধানের শিল্প, উদ্ভাবনের জগত এবং ভবিষ্যতের নির্মাণ। আপনারা যারা এখানে আছেন, আপনারা আগামীর স্থপতি। আপনারা আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখুন। প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করুন, প্রতিটি ব্যর্থতা থেকে শিখুন এবং আপনার স্বপ্ন অনুসরণ করুন।”
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক বলেন, “বিজ্ঞান হলো চোখ, আর প্রযুক্তি হলো হাতের মতো, যা সমস্যার সমাধান করে। এই কার্নিভালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, প্রযুক্তি ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যার প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন করছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে।” তিনি সকলকে বিজ্ঞানের সঙ্গে থাকার আহ্বান জানান।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬-এর ডুয়েট চ্যাপ্টারের প্রজেক্ট ডিরেক্টর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রতিযোগিতার বিচারক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান ও অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী এবং অনুষ্ঠানের অর্গানাইজিং সেক্রেটারি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ এবং সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply