
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত মাসুদ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply