
মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা এবং এমআরপি পাসপোর্ট সংকটের কারণে সৃষ্ট চরম মানবিক বিপর্যয় ও দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ প্রবাসী গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত, সাধারণ প্রবাসীদের এই বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ এবং তাদের আইনি অধিকার ও কর্মসংস্থান সুরক্ষার দাবিতে আবুধাবিতে অবস্থিতবাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দীর্ঘ মতবিনিময় সভায় মিলিত হন সাংবাদিক নেতারা।
গত মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সভায় আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাখো বাংলাদেশির বর্তমান করুণ দশা, কর্মক্ষেত্রে নানা অনিশ্চয়তা এবং পাসপোর্ট নবায়ন করতে না পেরে বৈধতা হারানোর মতো সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে এবং তথ্য উপাত্তসহ রাষ্ট্রদূতের টেবিল টকে উপস্থাপন করা হয়।মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে আরব আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসীরা এক অভূতপূর্ব কঠিন সময় পার করছেন। বিশেষ করে নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং সময় মতো এমআরপি পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে হাজার হাজার বাংলাদেশির বৈধভাবে বসবাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যার ফলে তারা প্রতিদিন বিপুল অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন এবং যে–কোনো মুহূর্তে বড় ঝুঁকিতে পড়তে পারেন।তারা বলেন, পাসপোর্ট সংকটের কারণে বহু প্রবাসী তাদের চাকরি হারাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারছেন না এবং অসুস্থ হলেও সঠিক চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেকে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও দেশে তাদের পরিবারের কাছে বৈধ উপায়ে অর্থ পাঠাতে পারছেন না।এই মানবিক ও অর্থনৈতিক সংকট প্রবাসীদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে প্রেসক্লাব নেতারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি আর কোনোভাবেই দীর্ঘায়িত হতে দেওয়া যায় না এবং প্রবাসীদের এই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকারকে অবিলম্বে সর্বোচ্চ স্তরের জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে।
প্রবাসীদের এই গভীর সংকট, মানসিক যন্ত্রণা ও কষ্টের কথা অত্যন্ত মনোযোগ এবং সহানুভূতির সঙ্গে শোনেন রাষ্ট্রদূত তারেক আহমদ। প্রবাসীদের উদ্বেগের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করে তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ সাধন ও তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোকে স্থায়ীভাবে সমাধান করাকে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।তিনি আরও স্পষ্ট করেন, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতা ও পাসপোর্ট সংকটের নেপথ্যের কারণগুলো ইতোমধ্যে অত্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এবং সংকট উত্তরণে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ শুরু হয়ে গেছে।আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও ইতিবাচক আলোচনা চলছে এবং খুব দ্রুতই ইউএই প্রবাসী বাংলাদেশিরা এই সংকট ও দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে একটি স্বস্তিদায়ক পরিবেশ ফিরে পাবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসীদের অধিকার আদায়, মর্যাদা রক্ষা এবং কল্যাণের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সভায় ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পক্ষ থেকে নেতৃত্ব দেন এবং জোরালো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। প্রবাসীদের পাশে দাঁড়ানোর এই ঐক্যবদ্ধ ও মানবিক উদ্যোগে আরও অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাফায়াত উল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম এবং দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন।
এছাড়াও সাধারণ প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য এস এম করিম, শামসুল হক এবং কাজী নাজিম উল্লাহ।

Leave a Reply