
আশিকুর রহমান সবুজ,
গাজীপুর:গাজীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ‘তাকওয়া পরিবহন’ এর বাস প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিঅ্যান্ডবি বাজার ইউটার্ন এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে নির্দিষ্ট কিছু পরিবহনের প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাকওয়া পরিবহনের বাসগুলোকে ওই এলাকায় ঢুকতে বাধা দেওয়া হলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এর প্রতিবাদে দুপুরে হঠাৎ করেই ১নং সিঅ্যান্ডবি বাজার ইউটার্ন এলাকায় জড়ো হয়ে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘরমুখী মানুষ এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা গেছে।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, পরিবহনের অভ্যন্তরীণ বিরোধ বা প্রশাসনের নিয়মের কারণে সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে সড়ক অবরোধ করা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছিল।

Leave a Reply