
গাজীপুর প্রতিনিধি: মো: জনি হাসান
গাজীপুরের নিজমাওনা গ্রামের ভেঙে যাওয়া একটি রাস্তা নিয়ে সংবাদ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়েছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর বাজার-কালমেঘা সড়কের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পাশের অংশটি দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও বৃদ্ধদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম। ০৩ জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার নিজস্ব অর্থায়নে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেন এবং অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করেন।
স্থানীয় পথচারী আব্দুল কাদের বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় প্রতিদিন খুব কষ্ট করে চলাচল করতে হতো। সংবাদ প্রকাশের পর এত দ্রুত রাস্তা সংস্কার হবে, তা ভাবিনি। এখন চলাচল অনেক সহজ হয়েছে।
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, স্কুলে আসা যাওয়ার সময় ভাঙা রাস্তার কারণে প্রায়ই ভয় লাগত। বৃষ্টির দিনে আরও বেশি সমস্যা হতো। রাস্তা সংস্কার হওয়ায় আমরা অনেক স্বস্তি পেয়েছি।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সময়ে রাস্তা সংস্কার হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমিনুল ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম বলেন, জনগণের সমস্যা সমাধানই আমার অঙ্গীকার। মানুষের কষ্ট লাঘবে আমি সবসময় পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply