
নজমুল হক গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবু তালেব শোকবার্তায় বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। শিক্ষকতা, গবেষণা, সাহিত্যসমালোচনা এবং প্রবন্ধ রচনার মাধ্যমে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তাঁর লেখনী ছিল যুক্তিনির্ভর, বিশ্লেষণধর্মী ও সমাজমনস্ক। জাতীয় ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, সমাজ ও রাষ্ট্রচিন্তা নিয়ে তাঁর গভীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি পাঠক, গবেষক এবং শিক্ষার্থীদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করেছে। তাঁরা আরও বলেন, অধ্যাপক ফজলুল হক আজীবন সত্য, ন্যায়, মানবিক মূল্যবোধ এবং মুক্তবুদ্ধির চর্চাকে ধারণ করেছেন। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না; তিনি ছিলেন একজন আলোকিত মানুষ, যিনি তাঁর কর্ম, চিন্তা ও লেখনীর মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী, গবেষক ও তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। তাঁর অসামান্য অবদান বাংলাদেশের উচ্চশিক্ষা, বাংলা সাহিত্য এবং বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশ একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ ও মননশীল চিন্তাবিদকে হারালো। তাঁর রেখে যাওয়া গবেষণা, প্রবন্ধ, সাহিত্যসমালোচনা এবং চিন্তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও জ্ঞানসাধনা আমাদের শিক্ষক সমাজের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাচ্ছে, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী এবং দেশের শিক্ষা-সাহিত্য অঙ্গনের সকলের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছে।

Leave a Reply