গাজীপুরের শ্রীপুর এক রাতে শিয়ালের কামড়ে নারী, পুরুষ শিশু সহ অন্তত ১৪ জন আহত

গাজীপুরের শ্রীপুর এক রাতে শিয়ালের কামড়ে নারী, পুরুষ শিশু সহ অন্তত ১৪ জন আহত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক রাতে শিয়ালের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। শনিবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের আনাগোনা বেড়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে শিয়াল লোকালয়ে প্রবেশ করে পথচারী ও বসতঘরে থাকা লোকজনকে আক্রমণ করতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে শিয়াল ঘরে ঢুকেও মানুষকে কামড়ায়, ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)-এর নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভাংনাহাটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কামিল মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে ঢুকে শিয়াল দুই নারীকে কামড়ে আহত করে। এতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.