
আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত ‘তানিয়া হাসপাতাল’-এ একটি বড় ধরনের যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) পরিচালিত এই আকস্মিক অভিযানে হাসপাতাল ও তার ভেতরের ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম-এর সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের পক্ষে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির-এর সরাসরি নেতৃত্বে এই সফল মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. তোফায়েল হোসেন।
এলাকাবাসী ও সচেতন মহল জানান, সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদ নিয়াজ শিশির মহোদয়ের কঠোর প্রশাসনিক নেতৃত্ব এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের দক্ষ দিক-নির্দেশনার ফলেই উপজেলার স্বাস্থ্য খাতে এ ধরনের একটি সময়োপযোগী ও সাহসী অভিযান সফল করা সম্ভব হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, তানিয়া হাসপাতালটি বিগত প্রায় ৬ বছর ধরে কোনো প্রকার হালনাগাদকৃত লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসাসেবা প্রদানের জন্য উপযুক্ত ও যোগ্যতাসম্পন্ন প্রয়োজনীয় কর্মী বা নার্স ছিল না। এসব গুরুতর অনিয়মের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির মোবাইল কোর্টের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা করেন।
হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি এর নিজস্ব ফার্মেসিতেও যৌথ তল্লাশি চালানো হয়। সেখানে কোনো নিবন্ধিত ফার্মাসিস্ট পাওয়া যায়নি। এছাড়া ফার্মেসিতে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ মেলায় ফার্মেসি কর্তৃপক্ষকে আরও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে
শ্রীপুর উপজেলার স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসাসেবার নামে যেকোনো ধরনের প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বদা তৎপর রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনগণের জীবন নিয়ে যেকোনো অবহেলা বন্ধ করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে কাজ করে যাচ্ছে। শ্রীপুর উপজেলার স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন ও জনস্বার্থে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বিত উদ্যোগে এ ধরনের মোবাইল কোর্ট ও আকস্মিক শুদ্ধি অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply