কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর:


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ এলাকায় একটি মৎস্য খামার থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে আটাবহ এলাকার ‘পারভেজ’ নামের একটি মৎস্য খামারের ভেতর এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

​কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের সব থানা ও এলাকায় বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published.