
মাহমুদুল হাসান চন্দন:
রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচি, পাঁচ ফসলের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ।
কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারা, কুষ্টিয়ার আয়োজনে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অফিসার রাজীব দাশ গুপ্ত।
উপজেলা কৃষি অফিসের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় সরিষা, মসুর, খেসারি, চিনাবাদাম ও অড়হর—এই পাঁচ ধরনের ফসল চাষে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে সরিষা চাষে ৯১০ জন, মসুর চাষে ২৭০ জন, খেসারি চাষে ৫০ জন, চিনাবাদাম চাষে ৮০ জন এবং অড়হর চাষে ৬০ জন কৃষককে এ প্রণোদনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে চাষাবাদের উপযোগী নির্ধারিত পরিমাণ বীজ, টিএসপি ও এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।কৃষি প্রণোদনার এ উদ্যোগের মাধ্যমে রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করার পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।কৃষকদের মাঝে সময়োপযোগী কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply