সাংবাদিকের বাড়িতে হামলা,থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ

সাংবাদিকের বাড়িতে হামলা,থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় এক সাংবাদিক ও তার স্ত্রীর ওপর হামলা, মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাই এবং বাড়িঘরে অনধিকার প্রবেশের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো: ওয়াসিম আকরাম (৩৯) বাদী হয়ে ২১ জুলাই (২০২৬) তারিখে শ্রীপুর মডেল থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায় সাংবাদিক ওয়াসিম আকরামের স্ত্রী
সিংদিঘী গ্ৰামে অবস্থিত রাফিয়া অ্যাপারেলস লিঃ-এ পোশাক শ্রমিক হিসেবে কর্মরত।

ঘটনার দিন (২০ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় কর্মস্থলে ১নং বিবাদী মোছাঃ আফরোজা আক্তার (২৫)-এর সাথে তর্কবিতর্ক হয় ।কারখানার প্রোডাকশন ম্যানেজার (পিএম) তাদেরকে মিলিয়ে দেন। দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় এসে সাংবাদিক ওয়াসিম আকরাম এর স্ত্রী আর অফিসে যাননি। পরবর্তীতে সাংবাদিক ওয়াসিম আকরাম বাড়ি ফিরে স্ত্রীর অফিসে না যাওয়ার বিষয়ে বিস্তারিত জানেন।

ঘটনার দিন আনুমানিক রাত ১০:৪৫ ঘটিকার সময় বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে সাংবাদিকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। বিবাদীরা হলেন— ১. মোছাঃ আফরোজা আক্তার (২৫), স্বামী- মোঃ আল-আমিন; ২. মোঃ আল-আমিন (৩০), পিতা- মোঃ শহিদুল ইসলাম; এবং ৩. মোছাঃ আমেনা আক্তার (৩৫), পিতা- তোতা মিয়া (সর্ব সাং- চকপাড়া, মাওনা, শ্রীপুর)।অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা ঘরের দরজায় একাধিক ধাক্কা দিলে এবং কথাবার্তা বলার জন্য দরজা খুললে, ২নং বিবাদী আল-আমিনের হুকুমে অজ্ঞাতনামা সহযোগীরা ঘরে ঢুকে সাংবাদিক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে নীলাফুলা জখম করে। এ সময় ১নং বিবাদী ভুক্তভোগী স্ত্রীর ডান হাতের কব্জিতে কামড়ে রক্তাত্ব জখম করেন এবং ২নং বিবাদী চুলে ধরে টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি ঘটায়। এছাড়াও ১নং বিবাদী ভুক্তভোগীর গলা থেকে আনুমানিক ১,১০,০০০ টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

ঘটনার সময় ডাক চিৎকার শুনে স্থানীয় ও আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। যাওয়ার সময় অভিযুক্তরা সুযোগ বুঝে তাদের খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিকের স্ত্রীকে স্থানীয়দের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে আইনগত পরামর্শ নিতে বিলম্ব হওয়ায় শ্রীপুর মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান সাংবাদিক ওয়াসিম আকরাম।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published.