
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বৈধভাবে কেনা কৃষিজমি জবরদখল ও রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবাদ করায় প্রবাসী পরিবারটিকে নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শ্রীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী শরীফ হোসেন খানের স্ত্রী ফারজানা আক্তার খান।
লিখিত বক্তব্যে ফারজানা আক্তার খান জানান, প্রায় ১৮ বছর আগে তার স্বামী গাজীপুরের শ্রীপুর মৌজায় ১৭ শতাংশ কৃষিজমি বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর আইন অনুযায়ী নামজারি (খারিজ) এবং খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, সম্প্রতি কিছু ব্যক্তি তাদের ওই বৈধ জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। তাদের সম্মতি ছাড়াই রাতের আঁধারে জমিতে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তরা ওই পরিবারের বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার খান আরও বলেন, “আমাদের জমি সংক্রান্ত সকল কাগজপত্র বৈধ ও আইনসম্মত। যদি কারও কোনো দাবি বা আপত্তি থাকে, তবে তা দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। কিন্তু অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে আমাদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে, যা কোনো সভ্য সমাজে কাম্য নয়।”
প্রবাসী পরিবারটি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে।
এছাড়া সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন কোনো একপাক্ষিক বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রচার না করে উভয় পক্ষের বক্তব্য ও জমির বৈধ কাগজপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয়।

Leave a Reply