বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন

বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন

নজমুল হক,গাজীপুর


বারি,ব্রি,জিএইউ, এনএটিএ এবং এসসিএ সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মতবিনিময় এবং বিএআরআই এর অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬ এর উদ্বোধন ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২০২৫-২০২৬ সনে যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৬-২০২৭ সনে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। বারি’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধ সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
ড. রফিকুল ই মোহামেদ, সচিব, কৃষি মন্ত্রণালয় এর সভাপতিত্বে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মন্ত্রী, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনকে সামনে রেখে বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রতিকূল আবহাওয়া উপযোগী জাত ও প্রযুক্তি উদ্ভাবনেও বিশেষ গুরুত্ব দিতে হবে।মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। প্রারম্ভিক অনুষ্ঠানে বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড. ফারুক আহমেদ, পরিচালক (গবেষণা), বিএআরআই। এসময় কর্মশালায় স্ব স্ব প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করেন প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, ভাইস চ্যান্সেলর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; ড. মো. রফিকুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট; মো: সাইফুল আজম খান, মহাপরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি; ড. মো. সাইফুল আলম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি। মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠানে দেশের কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে সবাইকে একত্রে এগিয়ে আসতে আহবান করা হয়।এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ। উক্ত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী/কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সর্বশেষে অনুষ্ঠানে স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।

Leave a Reply

Your email address will not be published.