ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

দেড় লাখ টাকার চুক্তি, ফেরত মিলেছে মাত্র ৫০ হাজার, বাকি টাকার দাবিতে ভুক্তভোগীর আর্তি।
যশোরের অভয়নগরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নড়াইল সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত চেইনম্যান মোঃ সবুর শেখ কামালের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) বিকালে অভয়নগর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের বাসিন্দা মোস্তাইন মোল্লার ছেলে মোঃ হাফিজ মোল্লা। লিখিত বক্তব্যে তিনি জানান, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর গ্রামে তার ক্রয়কৃত ৬৯ শতাংশ জমি দখল নিতে স্থানীয় প্রভাবশালীদের কারণে দীর্ঘদিন ধরে জটিলতায় পড়েন। এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ২০২৫ সালের জুন মাসে নড়াইল ভূমি অফিসের চেইনম্যান মোঃ সবুর শেখ কামালের সঙ্গে তার পরিচয় হয়।


অভিযোগ অনুযায়ী, সবুর শেখ কামাল নিজেকে ভূমি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের পরিচিত দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এর বিনিময়ে দেড় লাখ টাকা দাবি করেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী তাকে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না করায় টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরবর্তীতে নড়াইলের এক সাংবাদিকের মাধ্যমে চাপ সৃষ্টি হলে মাত্র ৫০ হাজার টাকা ফেরত দেন। বাকি ৭০ হাজার টাকা এক মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা ফেরত দেননি বলে অভিযোগ করেন হাফিজ মোল্লা।


তিনি আরও অভিযোগ করেন, বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে অভিযোগ জানালে গত ৩ আগস্ট কয়েকটি স্থানীয় প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


সংবাদ প্রকাশের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করে তিনি বলেন, সংবাদ প্রকাশের পর সবুর শেখ কামাল আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং আমাকে ও আমার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তি ও বাকি টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে অভয়নগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.