
শাহীনুর ইসলাম শাহীন লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মধ্য গোপাল রায় এলাকায় ছাগলের বাচ্চাকে আদার পাতা খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট ২০২৬ সকালে ছাগলের বাচ্চাকে আদার পাতা খাওয়ানোকে কেন্দ্র করে পারিবারিকভাবে মারামারির ঘটনা ঘটে। পরে ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে কাকিনা বাগেরহাট চর এলাকা থেকে লোকজন এনে মো. আসাদুল হক (৪৫) ও তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. ছাবেক্কুন্নাহার (৩৫)-এর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।
হামলার পর ছাবেক্কুন্নাহার অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তার গর্ভের শিশুটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। পরিবারের অভিযোগ, হামলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসা প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় হামলাকারী হিসেবে মো. মমিনুর রহমান, মো. হারুন অর রশিদ, মোছা. শরিফা বেগম, মোছা. জুই বেগম, মো. শফিকুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, মো. আলঙ্গীর, গেন্দল, মো. শরিফুল ইসলাম ও মো. নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে আজ ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে কাকিনা ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ভুক্তভোগী পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি বলেন, “ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

Leave a Reply