
নজমুল হক, গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দলের প্রবীণ, ত্যাগী ও পরীক্ষিত নেতা এডভোকেট রুহুল কবির রিজভীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবু তালেব অভিনন্দন বার্তায় বলেন, রুহুল কবির রিজভী বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন সুপরিচিত, প্রাজ্ঞ ও পোড় খাওয়া রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁরা বলেন, দলের দুর্দিনে তিনি রাজপথে থেকেছেন। দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর রাজনৈতিক আদর্শ ও বিশ্বাস থেকে বিচ্যুত হননি। তাঁর এই দীর্ঘ সংগ্রামী পথচলা জাতীয়তাবাদী রাজনীতির নেতা-কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর ব্যক্তিগত বিনয়, সৌজন্যবোধ, জ্ঞানচর্চা ও বই পড়ার প্রতি গভীর অনুরাগ তাঁকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। তিনি একজন মননশীল ও প্রাজ্ঞ মানুষ। রাজনীতি ও সমকালীন রাষ্ট্রচিন্তার পাশাপাশি ইতিহাস, সমাজ ও সাহিত্য নিয়ে তাঁর আগ্রহ তাঁর চিন্তার পরিধিকে সমৃদ্ধ করেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা ও ত্যাগের অভিজ্ঞতা এই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এটি তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি। তাঁর নতুন এই দায়িত্ব জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে তাঁরা রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে এগিয়ে যাবে—এই প্রত্যাশাও ব্যক্ত করেন।

Leave a Reply