প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নিজ দপ্তর পরিষ্কারের মধ্য দিয়ে শ্রীপুরকে মডেল করার উদ্যোগ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নিজ দপ্তর পরিষ্কারের মধ্য দিয়ে শ্রীপুরকে মডেল করার উদ্যোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে নিজ দপ্তর পরিষ্কারের মধ্য দিয়ে শ্রীপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ ভূইয়া।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ইউএনও নিজেই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি দপ্তরগুলোতে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ ভূইয়া বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি দপ্তরের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজেদের দপ্তর থেকেই এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এর প্রভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে শ্রীপুরকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.