ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব

ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব

নজমুল হক গাজীপুর


কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান ২৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। দুপুরে ব্রি ক্যাম্পাসে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। এরপর তিনি ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা এবং ব্রির ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন ব্রির মহাপরিচালক। এসময় ব্রির সকল বিভাগীয় ও শাখা প্রধান, প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণার্থী বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষি সচিব ব্রির ফার্ম মেশিনারি শেড, জিন ব্যাংক ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি ব্রির গবেষণা, জার্মপ্লাজম সংরক্ষণ এবং কৃষিযান্ত্রিকীকরণ কার্যক্রম সম্পর্কে সরেজমিন ধারণা লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published.