বাউবি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হচ্ছেন শিক্ষামন্ত্রী

বাউবি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হচ্ছেন শিক্ষামন্ত্রী

নজমুল হক গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাউবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর ২০২৬ আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য শিক্ষামন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান এবং তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি আমন্ত্রণপত্র গ্রহণ করেন এবং আগামী ২৮ অক্টোবর বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।এ সময়ে বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষায় শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, উন্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রসার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। এ সময় দেশের পরিবর্তিত শিক্ষা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবির শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব সেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published.