
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যাক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। এসময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন তাকে স্বাগত জানান।
ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চাঁদগ্রাম ইউনিয়নের সাধারণ পরিষদের মেম্বারগণ (ইউপি সদস্য) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের বিচারিক সেবা সহজীকরণ, দ্রুত নিষ্পত্তিকরণ এবং স্থানীয়ভাবে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত রুম সরেজমিনে পরিদর্শন করেন এবং বিচারিক এজলাস পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং সাধারণ মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি নির্দেশ প্রদান করেন।
ইউএনও বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগণের দ্বারে সহজে ও দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম। এর সঠিক ব্যবহারের মাধ্যমে এলাকার ছোটখাটো মামলা-মোকদ্দমা ইউনিয়ন পরিষদেই সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব।
পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ও নানাবিধ উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply