
মাহমুদুল হাসান চন্দন:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিনের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নানসহ উপজেলার বিভিন্ন খামারের উদ্যোক্তা, ভেটেরিনারি চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের সহযোগিতা এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Leave a Reply