
মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং জনমত গঠনের লক্ষ্যে বাবুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় ওয়ার্ডের একটি স্থানীয় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের দাবি।বক্তারা আরও অভিযোগ করেন, বাবুল হোসেনের ছেলে সুমন সম্প্রতি মিরপুর থানা এলাকায় ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক হন। এ ছাড়া বাবুল হোসেনের স্ত্রীকে ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল বলেও তাঁরা দাবি করেন।
এ সময় বক্তারা বাদীপক্ষের কয়েকজনের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড, ডাকাতি ও মাদকসংক্রান্ত বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন। পাশাপাশি বাদীপক্ষের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে বিষয়গুলো তদন্তের দাবি জানান।মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপন আলী, মনির উদ্দিন সরদার, আব্দুর রশিদ সরদার, ফরিদ সরদার, মোছা. নুদি খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply