
আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, প্রবীণ রাজনীতিবিদ ও চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোঃ সূর্যত আলী।
তিনি সুশাসন, সততা, স্বচ্ছতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে ১ নং রসুলপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মোঃ সূর্যত আলী ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের খোঁজ-খবর নিচ্ছেন।
তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত ও জবাবদিহিতামূলক। তিনি বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ১নং রসুলপুর ইউনিয়নে কোনো উন্নয়নের ছোঁয়াই লাগেনি, এমনকি ইউনিয়ন পরিষদের বসার স্থানও ঠিক করতে পারেনি। আমি নির্বাচিত হলে ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো।”
গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দেন তিনি।
বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দেন। তিনি বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
এছাড়াও নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন বলে জানান।
ডাক্তার মোঃ সূর্যত আলী বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল রসুলপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”

Leave a Reply