শ্রীপুরে দিনদুপুরে ৩০ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

শ্রীপুরে দিনদুপুরে ৩০ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

আসাদুজ্জামান শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে ‘মায়ের দোয়া এগ্রো প্রোডাক্টস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে ৩০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক মো. বাদল মিয়া বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী শেফালী (৩০) এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদি মো. বাদল মিয়া দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তা এলাকায় নিজের মার্কেটে ‘মেসার্স মায়ের দোয়া এগ্রো (প্রোডাক্টস)’ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০টার দিকে দোকানের কর্মচারী জানান দোকান খুলতে গিয়ে দেখতে পান সাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে ক্যাশ ড্রয়ার ভাঙা এবং নগদ টাকা ও কাগজপত্র না পেয়ে তিনি বিষয়টি মোবাইল ফোনে মালিককে জানান।

বাদি ঢাকায় থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি। পরবর্তীতে সন্ধ্যায় দোকানে এসে তিনি জানতে পারেন, দোকানের ক্যাশ ড্রয়ারে চাল ক্রয় ও চালের ডিলারদের জন্য রক্ষিত নগদ ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, মূল দলিল এবং ব্যাংকের কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেছে।

পরে পাশের দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ওই দিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কৌশলে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.