বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে শ্রমিকদের দফায় দফায় অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে শ্রমিকদের দফায় দফায় অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট


‎
‎​আশিকুর রহমান সবুজ,গাজীপুর জেলা প্রতিনিধি


​ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
‎
‎​অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে আজ (বৃহস্পতিবার) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই গাজীপুরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা ও বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যেই শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায় মহাসড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়।
‎
‎​আন্দোলনরত শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন। সম্প্রতি নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম ও বৈঠক স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই জেরে বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষোভকারীদের কারও কারও হাতে লাঠিসোঁটা দেখা যায়।
‎
‎​পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ আজকের (বৃহস্পতিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
‎
‎​খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে শ্রমিকরা মহাসড়কের একাধিক পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেওয়ায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
‎
‎​এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কি না জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বিজন মালাকার জানান, শ্রমিক আন্দোলনে আহত হয়ে পাঁচজন রোগী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
‎
‎​অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনী কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.