আইন কি শুধু মোটরসাইকেল চালকদের জন্য? ভেড়ামারায় পুলিশের অভিযান ঘিরে ক্ষোভ

আইন কি শুধু মোটরসাইকেল চালকদের জন্য? ভেড়ামারায় পুলিশের অভিযান ঘিরে ক্ষোভ

ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান ঘিরে জনরোষ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? বাজারে ক্রেতা সংকট, ব্যবসা-বাণিজ্যে ধসের অভিযোগ—হয়রানি বন্ধ ও সব ধরনের যানবাহনে সমান আইন প্রয়োগের দাবি ।

‎মাহমুদুল হাসান চন্দন:

‎কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটকের নামে পুলিশের নিয়মিত অভিযানকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযানের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাজারের ভেতরে মোটরসাইকেল আটক অভিযান পরিচালনা করায় ক্রেতাদের উপস্থিতি কমে যাচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

‎‎সম্প্রতি এ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।স্থানীয়দের প্রশ্ন, সড়কে চলাচলকারী অন্যান্য অবৈধ যানবাহন, বিশেষ করে ড্রাম ট্রাকের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান না থাকলেও মোটরসাইকেল আটকের ক্ষেত্রে এত তৎপরতা কেন? আইন প্রয়োগের ক্ষেত্রে সব ধরনের যানবাহনের জন্য একই নীতি অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

‎এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত মোটরসাইকেল ধরার নামে আমাদের হয়রানি করা হচ্ছে। লাইসেন্সবিহীন অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু মোটরসাইকেল কেন ধরা হচ্ছে?এক ব্যবসায়ী বলেন, বাজারে কাস্টমার পর্যন্ত আসা বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল ধরার অভিযান হাইওয়েতে পরিচালনা করুক, বাজারের মধ্যে কেন? পুলিশের অভিযানের ভয়ে মোটরসাইকেল নিয়ে বাজারে আসতেও মানুষ ভয় পাচ্ছে। বাজারের মধ্যে মোটরসাইকেল আটক অভিযান বন্ধ করতে হবে।

‎তুষার ইসলাম বলেন, প্রতিনিয়ত মোটরসাইকেল আটক করার কারণে বাজারের ব্যবসা একেবারে শেষ হয়ে যাচ্ছে।মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের ওপর যত কড়াকড়ি, অথচ ড্রাম ট্রাক ধরতে তো তেমন একটা দেখা যায় না। তাহলে আইন কি শুধু মোটরসাইকেল চালকদের জন্য? টনি আহমেদ অভিযোগ করে বলেন, রাস্তায় দাঁড়িয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে মানুষের অভিযোগ রয়েছে। নতুন মোটরসাইকেল কেনার সময়ই শোরুম থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার ব্যবস্থা করা উচিত।”নাজিমুজ্জামান নাজিম বলেন, এত অবৈধ গাড়ি, ড্রাম ট্রাকসহ নানা অনিয়ম রাস্তায় চলছে। সেগুলোর খবর নেই, অথচ মোটরসাইকেল আটকের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। পুলিশের একটি অংশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠছে।‎সজল আহমেদ বলেন, খুবই খারাপ অবস্থা। ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে আরও অনেক যানবাহন অবৈধভাবে চলাচল করছে। সেগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

‎এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল বন্ধ করা পুলিশের দায়িত্বের অংশ। তবে আইন প্রয়োগের নামে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অযথা ভোগান্তিতে ফেলার সুযোগ নেই। মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান হলে অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধেও সমানভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎ভেড়ামারার সচেতন মহলের প্রশ্ন—সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, যেখানে সাধারণ মানুষ বাজারে আসতেও অনাগ্রহী হয়ে পড়ছেন? পুলিশের অভিযান নিয়ে ওঠা হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বাজারের ভেতরে অভিযান পরিচালনার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা চান স্থানীয়রা।

‎তাঁদের দাবি, আইন সবার জন্য সমান হোক, অভিযান হোক স্বচ্ছ ও হয়রানিমুক্ত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসা-বাণিজ্য রক্ষায় প্রশাসন কার্যকর উদ্যোগ নিক।

Leave a Reply

Your email address will not be published.