রংপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারী ও সমন্বয়কারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারী ও সমন্বয়কারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজমুল হক


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ০৬ জুন শনিবার সকাল ১০:০০টায় রংপুর আঞ্চলিক কেন্দ্র এবং আঞ্চলিক কেন্দ্রাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।


সভায় উপাচার্য বাউবির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও শিক্ষার্থী বান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে সকল কর্মকর্তা-কর্মচারী ও সমন্বয়কারীদের আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের মানসম্মত সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাউবির ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে মানবিক ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। উপাচার্য তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোঃ ফজলে নিজামীর সভাপতিত্বে রংপুর আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্ল্যাহ মাহামুদ, রংপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফিরোজুল ইসলাম,রংপুর আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক (হিসাব)মোঃ আজিজার রহমান ও রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান/ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।


সভায় রংপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রেসমূহের প্রধানবৃন্দ ও বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের স্টাডি সেন্টারের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.