
নজমুল হক, গাজীপুরঃ
এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের মানসম্পন্ন প্রকাশনা ও বই প্রকাশ করতে আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
মানসম্পন্ন গবেষণা ও গবেষণাপত্র প্রস্তুতের নানা কৌশল তুলে ধরে তিনি বলেন, প্রকাশনার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সবার নিচে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গবেষণা পদ্ধতি, সহজবোধ্য নির্ভুল লেখার কৌশল, খ্যাতনামা জার্নালে প্রকাশনা এবং গবেষণাপত্রের গুণগত মানোন্নয়নের বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরে প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে অন্তত দুটি গবেষণা কর্মশালা আয়োজন করা প্রয়োজন। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত গবেষণা কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ”মেথোডোলজি, রাইটিং, পাবলিকেশন এন্ড কোয়ালিটি ইম্প্রুভমেন্ট” শীর্ষক এ গবেষণা কমর্শালা আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-আইকিউএসি। দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এমফিল ও পিএইচডি গবেষকরা অংশ নেন।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। গবেষণা কর্মশালায় মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ- বিআইএসআর ট্রাস্টের চেয়ারম্যান ড. এম খুরশেদ আলম। উদ্বোধনী সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply