ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বাণী

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বাণী

নজমুল হক, গাজীপুর


১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহর দরবারে আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ ১৬ জুলাইয়ের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে নিরস্ত্র ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকার জাতিকে নতুন করে জাগিয়ে তোলে।

বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার দৃশ্য স্বাধীনচেতা মানুষের মনে সাহস, প্রতিবাদ ও আত্মমর্যাদার এক অনন্য প্রতীক হয়ে থাকবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, ন্যায়বিচার, মানবাধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। শহীদদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়—গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার কখনো আপসের বিষয় নয়।
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্বাস করে, একটি জ্ঞানভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

নতুন প্রজন্মের মাঝে মুক্তচিন্তা, দেশপ্রেম, নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে আমরা শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখতে চাই। ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে আমরা অঙ্গীকার করছি—শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শিক্ষা, গবেষণা, ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকব। শহীদদের রক্তের ঋণ পরিশোধের সর্বোত্তম উপায় হলো একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।
আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published.