
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান—বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ কাজল।
যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাঃ এনামুল কবির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (২ আগস্ট) কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের এবং বৃহস্পতিবার (৩০ জুলাই) বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আবুল কালাম আজাদ কাজল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে প্রতিষ্ঠান দুটিকে আরও এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
এদিকে, উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আবুল কালাম আজাদ কাজল মনোনীত হওয়ায় বিদ্যালয় দুটির শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।

Leave a Reply