দেড় বছরেই বদলে যাবে দেশের বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশমন্ত্রী

দেড় বছরেই বদলে যাবে দেশের বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  • বনের জমি ও যাতায়াত সমস্যার সমাধানে বৈঠক
  • সাফারি পার্কের অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশদূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশেও এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে। খুব শিগগিরই এ উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পার্কটি পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন তিনি। এখানকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি এবং যাতায়াতের সমস্যা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। কিন্তু রাস্তার সমস্যার কারণে অনেকে নিজেদের জমিতে যাতায়াত করতে পারেন না। এ সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনভূমি পুনরুদ্ধারে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে পরিবেশমন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.