গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা ৬৩ হাজার শিশু

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা ৬৩ হাজার শিশু

আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় এক বিশাল কর্মযজ্ঞের সূচনা হয়েছে। ‘হাম-রুবেলা নির্মূল করি, সুন্দর আগামী গড়ে তুলি’—এই লক্ষ্য সামনে রেখে উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২০ এপ্রিল, সোমবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

​সোমবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনকালে তিনি নিজে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন।

​অভিভাবকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইউএনও বলেন:

​”শিশুদের শারীরিক সুরক্ষা ও পঙ্গুত্ব রোধে হাম-রুবেলা টিকার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশুও যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

​একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. মীর কামরুজ্জামানসহ মাঠ পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

​উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত। এবারের ক্যাম্পেইনে গফরগাঁও উপজেলার ৯ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​বিশাল এই জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে গফরগাঁও ও পাগলা থানা মিলিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো উপজেলায় মোট ৩৮৫টি কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.