
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার আলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার আলোকে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বলেন, শিক্ষার্থীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখার ছাত্রদলের সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইমন রানা,যুগ্ন সম্পাদক বাতেনুর, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার নাজিম, গোমস্তাপুর উপজেলা ছাত্রনেতা আলমগীর হোসেন, বিপ্লব আলী, সিয়াম, পৌর ছাত্রনেতা হিমেল, রবিউলসহ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই সচেতনতামূলক বার্তা সামনে রেখে ভবিষ্যতেও পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply