
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে তার ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটকের পর তার দেওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্ধ্যার পর আনাস ও ফাহিমকে আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকার একটি পাহাড়ি স্থানে স্থানীয়রা অপ্রতিমের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply